আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশের ১৮৩ নাগরিক।
রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম সরানো এবং এর প্রতিবাদে আন্দোলনে নামা ছাত্র-জনতার ওপর হামলার নিন্দাও জানিয়েছেন।
‘নেটওয়ার্ক ফর ডেমোক্রেটিক বাংলাদেশ’ ব্যানারে এই বিবৃতি দেওয়া হয়। বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিবৃতিতে সই করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন।
বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি ঢাকায় স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটি ভুঁইফোড় উগ্র জাতিবাদী সংগঠনের আবির্ভাব দেখা যায়। তারা পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি সরিয়ে ফেলার দাবি জানায়।
“প্রায় সঙ্গে সঙ্গেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গ্রাফিতিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে এনসিটিবি চেয়ারম্যান গণমাধ্যমে বলেন, ‘বইয়ের কোথাও আদিবাসী শব্দ নেই।’ বাস্তবেই ২০২৫ শিক্ষাবছরের পাঠ্যপুস্তকের কোথাও ‘আদিবাসী’ শব্দ নেই।”