মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি- মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী ও মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ক্যাম্পের উদ্বোধন করেন।
ক্যাম্পে মেডিসিনসহ ১০টি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক ও ১০০-এর বেশি জনবল অংশ নেয় এবং প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
বিশেষ প্রয়োজনীয় রোগীদের জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০%, প্যাথলজি টেস্টে ৩৫% এবং বেড চার্জে ৩০% ডিসকাউন্টের ঘোষণা দেওয়া হয়।
রিতা বলেন, দূরত্ব ও আর্থিক সমস্যায় চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। সারাবছর এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে বলেও তিনি জানান। স্থানীয়দের মধ্যে এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।