মানিকগঞ্জের শিবালয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ (৫১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।
নারী ও শিশু ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ মাছুদুল হক (এপিপি) গাঙচিল নিউজ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার মৃত অন্তেষ শেখের ছেলে। আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে রাজ্জাক শেখ সরিষার ফুল দেখানোর কথা বলে প্রতিবেশী এক শিশুকে ধানক্ষেতের পাশে নিয়ে যায়।
পরে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর ওই শিশু বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরদিন ১৬ জানুয়ারি শিশুটির বাবা শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।