পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে আবারও ভেঙে গেছে পাটুরিয়া লঞ্চঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও লঞ্চ মালিকরা। আজ সকালে অস্থায়ী ভিত্তিতে পুনরায় ১নং ফেরির ঘাটের পাশে কড়ইতলা নামক স্থানে লঞ্চঘাট স্থানান্তর করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
সেখানে কোন পল্টুন ছাড়াই চলছে যাত্রীসেবা। এর আগে, পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটে। তবে গতকাল প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে লঞ্চ চলাচল।